খুলনায় পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই গোলাগুলি, নিহত ১ ও বিএনপি নেতা গুলিবিদ্ধ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:২৯ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খুলনায় প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে গোলাগুলির পৃথক দুটি ঘটনা ঘটেছে। এর মধ্যে দিঘলিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো. নাসিমুল করিম ওরফে নাসিম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে নগরীর লবণচরা এলাকায় পারিবারিক বিরোধের জেরে মো. ইকবাল শেখ (৩৫) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।

‘জনযুদ্ধের’ সদস্যকে গুলি করে হত্যা

আরও পড়ুন: ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১

রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামের তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানের সামনে নাসিমকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নাসিম চায়ের দোকানের সামনে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

পুলিশ জানায়, নিহত নাসিম নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য ছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ মোট সাতটি মামলা রয়েছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, নাসিমের বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য ছিলেন। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে জখম

অন্যদিকে রোববার সকাল সোয়া ৭টার দিকে নগরীর হঠাৎ বাজার এলাকার ইসলামপাড়া প্রথম গলির সামনে মো. ইকবাল শেখকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। তিনি নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ইকবাল শেখ ইসলামপাড়ার ইকলাছ শেখের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একই এলাকার আলামিন শেখের ছেলে মো. আবির শেখের সঙ্গে ইকবালের মেয়ের বিয়ে হয়েছিল। প্রায় তিন-চার মাস আগে তিনি মেয়েকে ওই সংসার থেকে ফিরিয়ে আনেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, রোববার সকালে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হলে আবির, শাওনসহ আরও চারজন ইকবালের ওপর হামলা চালায়। একপর্যায়ে তার বাম পায়ের হাঁটুর ওপর গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের গোড়ালিতে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় বিকেল ৫টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। আহত ইকবাল আশঙ্কামুক্ত রয়েছেন বলেও জানান তিনি।