৫ দিনে বেনাপোল দিয়ে এলো ২১১ টন কাঁচা মরিচ

MIZANUR RAHMAN
বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৩ | আপডেট: ৬:৩৮ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে গত পাঁচ দিনে এসেছে ২১১ টন কাঁচা মরিচ। এই মরিচের চালানগুলো দেশের বিভিন্ন জেলা শহরে যাচ্ছে।

রবিবার (৯ জুলাই) বিকালে ৪৭ টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করে। এর আগে গত রবিবার ও সোমবার ৪৫ টন করে মঙ্গলবার ৩৩ টন, বৃহস্পতিবার ৪১ টন মরিচ বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়।

আরও পড়ুন: ওসমানী হাসপাতালের ব্যবস্থাপনা দেখে “আই এম রিয়েলি হ্যাপি”— স্বাস্থ্যমন্ত্রী

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, ‘রবিবার ভারত থেকে ছয়টি ট্রাকে ৪৭ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে পৌঁছেছে। এগুলো দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে। সীমান্তের ওপারে আরও কয়েক ট্রাক কাঁচা মরিচ ঢোকার অপেক্ষায় রয়েছে বলে জানতে পেরেছি।’

এ বন্দর দিয়ে বেনাপোলের মেসার্স ঊষা ট্রেডিং, ঢাকার এনএস এন্টারপ্রাইজ এবং খুলনার এসএম করপোরেশনসহ আরও কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচা মরিচ আমদানি করছে।

আরও পড়ুন: পটুয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বেনাপোল কাস্টম কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিমুল্লাহ্ বলেন, ‘জরুরি ও পচনশীল পণ্য হওয়ায় কাঁচা মরিচের চালানগুলো ঢোকার সঙ্গে সঙ্গে দ্রুত খালাস করা হচ্ছে। এ জন্য অগ্রাধিকারের ভিত্তিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাস্টমস কর্তৃপক্ষ।’

দেশের বাজারে কাঁচা মরিচের মূল্য বৃদ্ধির কারণে ভারত থেকে মরিচ আমদানি করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের ঘাটতি ও উচ্চমূল্য ঠেকাতে ভারত থেকে এ পর্যন্ত ৪৮ হাজার ৮৩০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার।