ডিসেম্বরে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
দেশে ২০২৫ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড গড়েছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাব) যার পরিমাণ প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।
এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকে কেন্দ্র করে ৩২৯ কোটি (৩.২৯ বিলিয়ন) ডলার। এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড পূর্বে ছিল গত বছরের মে মাসে ২৯৭ কোটি ডলার।
আরও পড়ুন: সবজির বাজারে আবার অস্থিরতা, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ডিসেম্বরের রেমিট্যান্স নভেম্বরের তুলনায় প্রায় ৩৪ কোটি ডলার বেশি এবং গত বছরের ডিসেম্বরে আসা ২৬৪ কোটি ডলারের তুলনায় ৫৯ কোটি ডলার বেশি। নভেম্বর ২০২৫ সালে রেমিট্যান্স ছিল ২৮৯ কোটি ডলার।
এদিকে, ডিসেম্বর ২০২৫ সালে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৯০ হাজার ডলারের রেমিট্যান্স।
আরও পড়ুন: আগস্ট মাসের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল ওই অর্থবছরের রেকর্ড। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার-আগের বছরের তুলনায় যা ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।





