কমলো সোনার দাম, আজ থেকে নতুন দাম কার্যকর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪৪ পূর্বাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সোনার বাজারে অস্থিরতার মধ্যেই দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৯২৫ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকায়।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন এই দাম সোমবার থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: জানুয়ারিতে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহিত

বাজুস জানিয়েছে, বিশ্ববাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। যদিও আন্তর্জাতিক বাজারে শনিবার যে দরপতন হয়েছিল, রোববার লেনদেন বন্ধ থাকায় সেই অবস্থাতেই দাম স্থির ছিল।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ হাজার ৮৯৩ ডলারে নেমে এসেছে, যা আগের দিন ছিল ৫ হাজার ২০০ ডলার। এর আগের দিন বৃহস্পতিবার স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

আরও পড়ুন: নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

দেশীয় বাজারে নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা।

এদিকে সোনার দাম কমানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা রয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড দর বৃদ্ধি পায়। বৃহস্পতিবার সকালে এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়ায় বাজুস। এতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

তবে ২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার সকালে আবার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। সে সময় ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমানো হয়। ফলে ২২ ক্যারেটের সোনার দাম নেমে আসে ২ লাখ ৭১ হাজার টাকায়, যা শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছিল।