সোনারগাঁয়ে নয়াপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Shahrier Islam Pallab
কামাল উদ্দিন ভূইয়া, সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৫৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের নয়াপুর বাজার থেকে কনফিডেন্স মিল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় নয়াপুর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, শিল্পকারখানার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তাঁরা দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন: গাজীপুরে সহিংসতা আহত-১০,৫ কারখানায় হামলা-ভাঙচুর, বন্ধ ৮৫ কারখানা

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মদনপুর–জয়দেবপুর এশিয়ান হাইওয়ের এই অংশ দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক ভারী যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করেন। বিশেষ করে নয়াপুর বাজার এলাকায় সড়ক পারাপারের সময় স্কুল-কলেজের শিক্ষার্থী ও কারখানার শ্রমিকদের ঝুঁকির মুখে পড়তে হয়। দীর্ঘদিন ধরে যানজট, যাতায়াতের দুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা থাকায় এলাকাবাসীর ভোগান্তি বাড়ছে।

বক্তারা বলেন, জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নয়াপুর বাজার সম্মেলনের মাঠ থেকে কনফিডেন্স মিল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ জরুরি হয়ে পড়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সড়ক ব্যবহারকারী বিভিন্ন শ্রেণির মানুষের দুর্ভোগ কমবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. ইকবাল হোসেন ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাউসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বাবুল মাস্টারসহ অনেকে।

মানববন্ধন থেকে জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।