মে মাসের ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি ডলার রেমিট্যান্স

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ন, ১২ মে ২০২৬ | আপডেট: ৫:০৯ অপরাহ্ন, ১২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারে স্বস্তি এনে চলতি মে মাসের প্রথম ১০ দিনেই দেশে এসেছে ১২৮ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। প্রতিদিন গড়ে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ১২ কোটি ৮০ লাখ ডলার।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

আরও পড়ুন: দেশের বাজারে কমলো সোনার দাম

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৯০ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। সেই তুলনায় এবার প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মে পর্যন্ত সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৬১ কোটি ৩০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৩০ শতাংশ বেশি।

আরও পড়ুন: বাজারে ওয়ালটনের নতুন ৪ ওয়াশিং মেশিন

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা এবং বাজারভিত্তিক ডলার দর নির্ধারণের কারণে প্রবাসীদের মধ্যে আনুষ্ঠানিক পথে টাকা পাঠানোর প্রবণতা বেড়েছে।

এর আগে এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। আর মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলারের বেশি, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

এছাড়া চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও প্রবাসী আয় তিনশ কোটি ডলারের ঘর অতিক্রম করে। ধারাবাহিকভাবে বাড়তে থাকা এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরেও নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।