অনিয়মের অভিযোগ
কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ
নানা অনিয়মে অভিযুক্ত বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান আতাউর রহমান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মহসিন মিয়া অবশেষে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আরও পড়ুন: ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, নতুন দাম ২ হাজার ৬০ টাকা
তারা পদত্যাগের পর ড. মো. রফিকুল ইসলাম এবং এসএম আব্দুল হামিদকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউর রহমানকে চেয়ারম্যান এবং সোস্যাল ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মো. মহসিন মিয়াকে নির্বাহী কমিটির চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়।
আরও পড়ুন: আবারও বাড়ল সোনার দাম, ভরিতে কত?
কেন্দ্রীয় ব্যাংকের গত বছরের এক পরিদর্শনে সুদ মওকুফসহ বিভিন্ন অনিয়মে এই দু’জনের সম্পৃক্ততা উঠে আসলে তাদের অপসারণের সুপারিশ করে পরিদর্শক দল। পরবর্তীতে আরও একটি পরিদর্শনে অনিয়মের সত্যতা পাওয়া যায়। দীর্ঘ প্রক্রিয়া শেষে সম্প্রতি তাদের পদত্যাগ করতে বলা হয়।
এদিকে, বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে ড. মো. রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদ, এফসিএ কে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। ৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।





