ডাকসু নির্বাচন

ভোটগণনায় উত্তেজনা, মোড়ে মোড়ে অবস্থান নিচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৫ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে টানটান উত্তেজনা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকে পাল্টাপাল্টি অভিযোগ উঠতে শুরু করে।

রাত সাড়ে ১০টার দিকে দেখা যায়, ঢাবির আশপাশের প্রবেশমুখে জড়ো হচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পলাশী মোড়, নীলক্ষেত মোড়, কাটাবন, চানখারপুল, ঢাকা মেডিকেল কলেজ, শাহবাগ মোড় ও দোয়েল চত্বরে তাদের অবস্থান লক্ষ্য করা গেছে। বিশেষ করে পলাশী মোড় থেকে ঢাকেশ্বরী পর্যন্ত রাস্তার দুই পাশে তাদের উপস্থিতি ছিল বেশি।

আরও পড়ুন: যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফলাফল ঘোষণাকে ঘিরে যেকোনো মুহূর্তে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরই মধ্যে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। সন্ধ্যার পর থেকে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন যানবাহনে তল্লাশি এবং গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: বার্মিজ ভাষা প্রশিক্ষণ প্রকল্পে সাফল্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ইউনেস্কো

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, “ফলাফলকে ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।”

পরিস্থিতির কারণে অনেক সাধারণ শিক্ষার্থী ও পথচারী বিকল্প পথ ব্যবহার করছেন। শাহবাগ থেকে পলাশী এবং কাটাবন থেকে নীলক্ষেত পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।