দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৪ পূর্বাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে এক হাজার একশত বাহাত্তর (১১৭২) জন জাল সনদধারী শিক্ষককে শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।

ডিআইএর তদন্তে দেখা গেছে, জাল সনদে চাকরি করা এসব শিক্ষক-কর্মচারী বেতন-ভাতা গ্রহণ, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভ্যাট ও আইটিসহ বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত। এ কারণে তাদের কাছ থেকে মোট ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে জাল সনদধারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশও করা হবে।

আরও পড়ুন: ঢাবিতে খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষা ও অধ্যাত্মচেতনা নিয়ে সেমিনার

ডিআইএর পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম জানিয়েছেন, জাল সনদধারীদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ডিআইএর নথি অনুযায়ী, জাল সনদধারী শিক্ষক-কর্মচারী শনাক্তের ক্ষেত্রে রাজশাহী বিভাগ শীর্ষে, যেখানে মোট ৭৭৯ জন শিক্ষক-কর্মচারীর সনদ জাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া, মাদরাসা শিক্ষা অধিদপ্তরে ১২০ জন, ঢাকা বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ১৭৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৪ জনের সনদ জাল বলে জানা গেছে।

আরও পড়ুন: ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবির বিজয় একাত্তর হলে গঠিত হচ্ছে ফিল্ম ক্লাব

শনাক্ত হওয়া মোট ১১৭২ জনের মধ্যে ৪০০ জনের সনদ সম্পূর্ণ ভুয়া এবং প্রায় ৩০০ জনের সনদ অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত। প্রথম ধাপে এই ৪০০ শিক্ষকের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হচ্ছে।