পেছাচ্ছে ইউপি নির্বাচন, জানুয়ারিতে ভোটের পরিকল্পনা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:২৮ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর প্রাথমিক পরিকল্পনা থেকে সরে আসছে নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজন সম্ভব না হওয়ায় আগামী বছরের জানুয়ারিতে ভোট আয়োজনের কথা ভাবছে কমিশন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী

তিনি বলেন, ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের যে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল, সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নভেম্বর ও ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না।

ইসি কমিশনার জানান, এসব বিষয় বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে ইউপি নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়ে কাজ করছে কমিশন। তবে ভোটের নতুন সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি।

আরও পড়ুন: ইউপি ভোটের তারিখ চূড়ান্ত করতে পারেনি ইসি

ইউপি নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে—এ বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমানেল মাছউদ বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।

এদিকে, ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করেছে কমিশন।

এর আগে ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন।

তবে নতুন পরিকল্পনা অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরে ভোট না হয়ে আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন হতে পারে। চূড়ান্ত সময়সূচি ও তফসিল ঘোষণার পরই ভোটের তারিখসহ বিস্তারিত বিষয় নিশ্চিত হবে।