সংসদের হুইপ অপুর বিরুদ্ধে কুরচিপুর্ন বক্তব্যের প্রতিবাদে সড়ক অবরোধ
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে কুরচিপুর্ন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
রবিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে গিয়ে সড়ক অবরোধ করে। এর ফলে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে প্রায় ১ ঘন্টা যানবাহন বন্ধ থাকে।
এসময় বক্তারা বলেন, গত বৃহস্পতিবার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে, যেখানে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন৷
বক্তারা আরও বলেন, ডামুড্যায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও হুইপ মিয়া নুরুদ্দিন অপুর যৌথ উদ্যোগে। এই উদ্যোগেকে বানচাল করতে অপচেষ্টা চালাচ্ছেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সি। দলীয় নেতার বিরুদ্ধে এধরণের কর্মকান্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল৷ তাই তাদের দল থেকে বহিষ্কারসহ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার দাবি জানান। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালুর কাছে ব্যবস্থা গ্রহনের জন্য স্বারকলিপি প্রদান করেন। তিনি ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
আরও পড়ুন: হতাশ হওয়ার কিছু নেই, আরো যত্নবান হলেই ফলাফল ভালো হবে: এন ইউ ভিসি





