বিতর্কের মুখে ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত একটি গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে ক্ষমা চেয়েছেন। আসন্ন চলচ্চিত্র কেডি: দ্য ডেভিল-এর হিন্দি সংস্করণের একটি গানকে ঘিরে আপত্তির পর তিনি সোমবার (২৭ এপ্রিল) নারী কমিশনের সামনে সশরীরে হাজির হন।
‘সরকে চুনর তেরি সরকে’ শিরোনামের গানটিতে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগ ওঠার পর সংশ্লিষ্টদের তলব করে কমিশন। শুনানিতে উপস্থিত হয়ে সঞ্জয় দত্ত একটি লিখিত ক্ষমাপত্র জমা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, সমাজে নেতিবাচক প্রভাব ফেলা বা কাউকে আঘাত করার কোনো ইচ্ছাকৃত উদ্দেশ্য তার ছিল না।
আরও পড়ুন: আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ
ঘটনার প্রেক্ষিতে দায় স্বীকার করে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৫০ জন আদিবাসী শিশুকন্যার শিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দেন এই অভিনেতা। পাশাপাশি ভবিষ্যতে চলচ্চিত্রসহ সব সৃজনশীল কাজে নারী ও শিশুদের মর্যাদা রক্ষায় আরও সচেতন থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
তবে একই ঘটনায় অভিযুক্ত অভিনেত্রী নোরা ফতেহি এদিন শুনানিতে উপস্থিত ছিলেন না। দেশের বাইরে অবস্থান করায় তিনি পরবর্তী তারিখের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: জুনিয়র এনটিআরকে নিয়ে ভক্তদের জন্য দুঃসংবাদ!
এর আগে ৭ এপ্রিল মামলার প্রথম শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সে সময় নির্মাতারা গানের নেতিবাচক দিকটি বুঝতে না পারার কথা জানালেও কমিশন সেই ব্যাখ্যা গ্রহণ করেনি। পরবর্তীতে তারা লিখিতভাবে ক্ষমা চেয়ে স্বীকার করেন যে, গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে।





