অর্থপাচার মামলায় ফেঁসে যাচ্ছেন জ্যাকুলিন

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ন, ১১ জুন ২০২৬ | আপডেট: ১:৫২ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অর্থপাচার মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে ঘিরে নতুন আইনি নাটকীয়তা তৈরি হয়েছে। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের দেওয়া চার্জ গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ করে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এই শ্রীলঙ্কান অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০ কোটি রুপির অর্থপাচার মামলায় জ্যাকুলিনের আবেদনের জরুরি শুনানির দিন ধার্য করা হয়েছে ১১ জুন। এর আগে অভিনেত্রীর আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন জানালে বিচারপতি পি কে মিশ্র ও বিচারপতি এ এস চন্দুরকরের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ মামলাটি শুনতে সম্মতি দেয়।

আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলা: দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ আদালতের

গত ৩০ মে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত শর্মা জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেন। সেই নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আপিল করেছেন অভিনেত্রী।

মামলাটির তদন্ত করছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্ত সংস্থার অভিযোগ, মূল অভিযুক্ত ও কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে জ্যাকুলিন গাড়ি, হিরার গয়না এবং কোটি কোটি টাকার বিভিন্ন বিলাসবহুল উপহার গ্রহণ করেছেন।

আরও পড়ুন: হাবিবুর রহমান হাবিবের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিলের দাবি

নিম্ন আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ইডির উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে জ্যাকুলিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য প্রাথমিকভাবে যথেষ্ট ভিত্তি রয়েছে। আদালত আরও উল্লেখ করে, সুকেশের অপরাধলব্ধ অর্থের সুবিধাভোগী হিসেবে জ্যাকুলিনের সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ করার মতো পর্যাপ্ত উপাদান তদন্তে পাওয়া গেছে।

এখন সুপ্রিম কোর্টের আসন্ন শুনানিতে জ্যাকুলিনের আবেদন নিয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই নজর রয়েছে বলিউড ও আইনি মহলের।