আইনি জটিলতার মাঝেই নয়া লুকে সালমান খান

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬ | আপডেট: ৫:১৫ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে ঘিরে নতুন করে আইনি বিতর্কের মধ্যেই সম্পূর্ণ ভিন্ন রূপে জনসমক্ষে হাজির হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। মাথা মুড়িয়ে, গায়ে কালো পোশাক পরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। তার এই নতুন লুক দেখে অনেক ভক্তই স্মরণ করছেন ২০০৩ সালের ব্লকবাস্টার সিনেমা ‘তেরে নাম’-এর জনপ্রিয় চরিত্র রাধে মোহন-কে।

সম্প্রতি আমির খান প্রোডাকশনসের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন সালমান খান। সেখানে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তার সম্পূর্ণ নতুন অবতার। মাথায় চুলহীন লুক, গালে হালকা দাড়ি এবং কালো পোশাকে সালমানকে দেখে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা।

আরও পড়ুন: বিশ্বকাপ উন্মাদনায় এক কাতারে অপু বিশ্বাস-বুবলী, দুজনেরই পছন্দ ব্রাজিল


এদিকে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগকে কেন্দ্র করে নির্মিতব্য ‘কালা হিরণ’ চলচ্চিত্র নিয়েও আলোচনায় রয়েছেন অভিনেতা। জানা গেছে, পরিচালক ভরত শ্রীনাথ বাস্তব ঘটনার অনুপ্রেরণায় সিনেমাটির গল্প নির্মাণ করেছেন। তবে চলচ্চিত্রটির চিত্রনাট্য ও প্রচার-মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছেন সালমান খান। এ বিষয়ে তিনি দিল্লি হাইকোর্টে আবেদনও করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ হচ্ছে ফার্স্টলুক

আইনি টানাপোড়েনের এই সময়েই তার নতুন লুক নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, এটি হয়তো নতুন কোনো সিনেমার প্রস্তুতির অংশ। আবার কেউ কেউ ‘তেরে নাম ২’ নির্মাণের সম্ভাবনার কথাও তুলেছেন।

অনুষ্ঠানে সালমান খানের পাশাপাশি উপস্থিত ছিলেন আমির খান, কারিনা কাপুর খান, রেখা, কাজল, জুহি চাওলা এবং ইমরান খানের মতো তারকারা। তবে তারকাবহুল সেই আয়োজনে সবচেয়ে বেশি নজর কাড়েন সালমানই।

যদিও নতুন এই লুকের পেছনে কোনো সিনেমা, ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি অন্য কোনো কারণ রয়েছে—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বলিউডের ‘ভাইজান’। ফলে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।