যে অভ্যাস এখনো বদলাতে পারেননি জয়া আহসান, জানালেন নিজেই

Sanchoy Biswas
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ৪:২৭ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের দক্ষতায় দীর্ঘদিন ধরেই দর্শকদের মুগ্ধ করে আসছেন। ঢালিউড ও টলিউড—দুই অঙ্গনেই সমান জনপ্রিয় এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ সম্প্রতি মুক্তি পেয়েছে। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এ সিনেমায় আবারও জয়া আহসান, কৌশিক গাঙ্গুলি ও চূর্ণী গাঙ্গুলির অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

সিনেমার প্রচারণার পাশাপাশি সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের একটি দীর্ঘদিনের অভ্যাস নিয়েও খোলামেলা কথা বলেছেন জয়া আহসান। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বহু চেষ্টা করেও পান খাওয়ার অভ্যাস ছাড়তে পারেননি।

আরও পড়ুন: খোলামেলা লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন নিদ্রা দে

জয়া বলেন, ছোটবেলা থেকেই এই অভ্যাসের শুরু। তাঁর ভাষায়, ‘ছোটবেলায় আমার ঠাকুরমা যখনই পান সাজতেন, তখনই অল্প করে আমার মুখে দিয়ে দিতেন। সেখান থেকেই পান খাওয়ার অভ্যাস তৈরি হয়েছে।’

এই অভ্যাসের সঙ্গে তাঁর আবেগও জড়িয়ে আছে বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি এই অভ্যাসটা পাল্টানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। যখনই আমার ঠাকুরমার কথা মনে পড়ে, তখনই পান খেয়ে ফেলি। যদিও আমাকে দেখে বোঝা যায় না আমি এত পান খাই। এমনও হয়েছে, পানের কৌটো নিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও চলে গেছি।’

আরও পড়ুন: জন্মদিনেই ভক্তদের বড় চমক দিলেন প্রিয়াঙ্কা

জয়া আরও জানান, পরিবারের সদস্যরা বারবার তাঁকে পান খাওয়ার অভ্যাস ত্যাগ করতে বললেও এখনো তা সম্ভব হয়নি। তবে তিনি নিজেও এই অভ্যাস কমিয়ে আনতে চান।

এদিকে প্রায় তিন বছর আগে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় জয়া আহসানের অভিনয় দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হয়েছে এর দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’, যা গত ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।