প্রকাশ পেল ‘মিশন ডিডিএলজে’র প্রথম গান ‘কাহিনি এখনো বাকি’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:০৮ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুরোনো দিনের প্রেমের মায়াবী আবহ আর বর্তমান সময়ের গল্প বলার ধরন—দুইয়ের মিশেলে দর্শকদের সামনে হাজির হচ্ছে ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’। মুক্তির আগেই সিনেমাটির রোমান্টিক গান ‘কাহিনি এখনো বাকি’ প্রকাশ পেয়েছে। গানটি প্রকাশের পর থেকেই নাওভী ও লাবণ্যের পর্দার রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

গানটির সুর ও দৃশ্যায়নে পাওয়া যাচ্ছে নব্বইয়ের দশকের পরিচিত প্রেমের আবহ। গানটি শোনার পাশাপাশি এর ভিডিওতেও সেই সময়ের রোমান্টিক অনুভূতির ছাপ খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। বিশেষ করে বলিউডের জনপ্রিয় গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’-এর সুরের হালকা প্রভাব গানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।

আরও পড়ুন: ক্যাজুয়াল লুকে নজর কাড়লেন সাফা কবির

পুরোনো দিনের নস্টালজিয়া আর সমকালীন সংগীতের স্বাদের এই সংমিশ্রণ গানটিকে শ্রোতাদের কাছে আলাদা করে তুলেছে। ‘কাহিনি এখনো বাকি’র কথা ও সুর তৈরি করেছেন সৈয়দ নাফিস। গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ নাফিস ও মৌমিতা বড়ুয়া। মিউজিক ভিডিওতে আরমান বিন মাহমুদের উপস্থিতিও গল্পের আবহকে আরও সমৃদ্ধ করেছে।

ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। গানের ভিডিও নির্মাণেও তার নির্মাণশৈলীর ছাপ স্পষ্ট। নান্দনিক লোকেশন, কোমল রঙের ব্যবহার এবং সহজ-স্বাভাবিক দৃশ্যায়নের মাধ্যমে রোমান্টিক পরিবেশকে ফুটিয়ে তোলা হয়েছে। ফলে গানটি শুধু শ্রুতিমধুর হিসেবেই নয়, এর চিত্রায়ণও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে।

আরও পড়ুন: মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডের'

‘মিশন ডিডিএলজে’ নামটির মধ্যেও রয়েছে রহস্যের ইঙ্গিত। গল্পের সঙ্গে যুক্ত একটি বিশেষ ‘হিডেন স্টোরি’ রয়েছে, যা এখনই প্রকাশ করতে রাজি নন নির্মাতা। সেই রহস্য উদঘাটনের জন্য দর্শকদের পুরো ওয়েব ফিল্মটি দেখতে হবে বলে জানিয়েছেন তিনি।

নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, এটি মূলত রোমান্টিক কমেডি ঘরানার একটি গল্প। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমের অনুভূতিকে বর্তমান প্রজন্মের দর্শকদের সামনে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য ভালো অভিনয় করেছেন এবং তাদের রসায়ন দর্শকদের আকৃষ্ট করবে বলে আশাবাদী তিনি। পাশাপাশি গল্পেও দর্শকদের জন্য ভিন্ন ধরনের বিনোদন থাকছে বলে জানান নির্মাতা।

ওয়েব ফিল্মটির এক্সিকিউটিভ প্রডিউসার আশেক হোসেন তন্ময় জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’। মুক্তির আগে প্রকাশিত গানটি ওয়েব ফিল্মটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।