বাধা এলেও চট্টগ্রামে পৌঁছাবেই লং মার্চ: নাহিদ ইসলাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:১০ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, যেকোনো বাধা-বিপত্তি এলেও ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চ গন্তব্যে পৌঁছাবে। নতুন করে স্বৈরাচারী হওয়ার যেকোনো পথ বন্ধ করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

আরও পড়ুন: ফের উত্তপ্ত রাজনীতির মাঠ

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় জড়ো হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগের দিকে লং মার্চ শুরু হয়েছে। নতুন করে কেউ যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেই পথ বন্ধ করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

নাহিদ ইসলাম বলেন, এই লং মার্চ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে যারা সিন্ডিকেটের মাধ্যমে কারসাজি করছে, তাদের বিরুদ্ধেও এ কর্মসূচি। পাশাপাশি জনগণের ৭০ শতাংশের গণরায়ের সঙ্গে যারা প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করতে হবে: শিমুল বিশ্বাস

জনগণকে কর্মসূচিতে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এটি শুধু ১১টি দলের কর্মসূচি নয়; বাংলাদেশের সাধারণ মানুষের লং মার্চ। তাই দল-মত নির্বিশেষে সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

লং মার্চ শান্তিপূর্ণভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, সরকার যদি কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে লং মার্চের ছয় দফা এক দফায় পরিণত হবে।