সালমান শাহর জন্মদিনে কি অনুরোধ করলেন শাবনূর

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:২৮ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন । বিশেষ এ দিনটিকে ঘিরে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা নানা স্মৃতিচারণ করেছেন।  তার মধ্যে অন্যতম জনপ্রিয় সহশিল্পী শাবনূর। সালমান শাহর সঙ্গে সবচেয়ে বেশি সিনেমায় জুটি বেঁধেছিলেন শাবনূর।

সালমানের জন্মদিনে প্রিয় সহকর্মীকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন শাবনূর।

আরও পড়ুন: নারীদের জন্য বিশেষ ছুটি চান শ্রুতি হাসান

তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ!’‘কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে। শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ। তোমার আশপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে।

শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে। তোমার এই সুন্দর মন আর মানবিকতাই তোমাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।’

আরও পড়ুন: আজ চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন

সালমানের সিনেমা কিংবা গান এখনো তাকে কীভাবে অতীতের সেই দিনগুলোতে ফিরিয়ে নেয়, সেটিও জানিয়েছেন শাবনূর। তিনি লেখেন, ‘পুরনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছ সেই সোনালী দিনগুলোতে।’

প্রিয় সহকর্মীর আত্মার শান্তি কামনা করে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা ও জান্নাত প্রার্থনা করেছেন শাবনূর। একই সঙ্গে সালমান শাহকে নিয়ে কোনো ধরনের অসম্মানজনক মন্তব্য না করার অনুরোধ জানিয়েছেন তিনি। 

শাবনূরের ভাষায়, ‘প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সব সময় অটুট থাকুক। তার অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।’