রাখিকে কঙ্গনার কটাক্ষ
বলিউড অভিনেত্রী ও ভারতের সংসদ সদস্য কঙ্গনা রনৌতকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার তার সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সম্প্রতি কঙ্গনা, স্মৃতি ইরানি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে রাখির কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে কড়া জবাব দিয়েছেন কঙ্গনা।
রাখির মন্তব্য নিয়ে তৈরি হওয়া আলোচনা নতুন মাত্রা পায় কঙ্গনার প্রতিক্রিয়ার পর। সরাসরি রাখির নাম উল্লেখ করে কঙ্গনা দাবি করেন, নিজেদের ব্যর্থতা, ঈর্ষা ও অহংকার আড়াল করতেই অনেক মানুষ সফল নারীদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন।
আরও পড়ুন: মঞ্চে কাঁদলেন সেলিন ডিওন
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কঙ্গনা লেখেন, ‘শুধু রাখি নন, অনেক অসফল ও তিক্ত মানুষই সফল নারীদের চরিত্রহনন করে নিজেদের ঈর্ষা ও ব্যর্থতাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেন।’
কঙ্গনার মতে, এ ধরনের কটাক্ষে আহত হয়ে বারবার নিজের অবস্থান ব্যাখ্যা করার প্রয়োজন নেই। বরং এসব মন্তব্যকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাওয়াই ভালো।
আরও পড়ুন: ওটিটিতে ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’
তবে সেখানেই থামেননি কঙ্গনা। রাখিকে উদ্দেশ করে আরও ব্যক্তিগত আক্রমণ করেন তিনি। কটাক্ষের সুরে কঙ্গনা বলেন, সাফল্য অর্জনের জন্য কেউ যা খুশি করতে রাজি থাকলেও শেষ পর্যন্ত তেমন কোনো লাভ হয়নি। এমনকি ঝাড়ুদারের চাকরি পাওয়ার যোগ্যতাও নেই—এমন মন্তব্য করেন তিনি।
কঙ্গনা ও রাখির মধ্যে বাগ্যুদ্ধ অবশ্য নতুন নয়। এর আগেও কঙ্গনার রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন বক্তব্য নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন রাখি। একপর্যায়ে কঙ্গনাকে ‘গাটার মাউথ’ বলেও আক্রমণ করেন তিনি।
সেই সময়ও রাখির মন্তব্যের পাল্টা জবাব দিয়েছিলেন কঙ্গনা। তাঁর দাবি ছিল, যারা তাঁর সাফল্যের এক শতাংশও অর্জন করতে পারেননি, তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন তিনি মনে করেন না।
এর আগে অভিনেতা আশুতোষ রানা, সোনু সুদ ও তাপসী পন্নুর মন্তব্য নিয়েও সরব হতে দেখা গেছে কঙ্গনাকে। তাঁর অভিযোগ, তাঁকে আক্রমণ করে অনেকেই গণমাধ্যমের নজরে আসার চেষ্টা করেন। এবার রাখির মন্তব্যকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এসেছে কঙ্গনার সেই কড়া অবস্থান। দুই তারকার পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা।





