দেবের সঙ্গে শুভশ্রীর নাচ-গান, পুরোনো প্রেম নিয়ে নেটদুনিয়ায় আলোচনা
দুর্গাপুরে ‘দেশু ৭’ সিনেমার প্রচারে একসঙ্গে হাজির হয়েছিলেন টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। তাঁদের উপস্থিতি, নাচ-গান আর খুনসুটিতে জমে ওঠে প্রচার অনুষ্ঠান। তবে এই আয়োজনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে শুভশ্রীর পোশাকের দাম এবং দেবের সঙ্গে তাঁর পুরোনো সম্পর্ক।
শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর এবার পশ্চিমবঙ্গের দুর্গাপুরে সিনেমাটির প্রচারে অংশ নেন দেব ও শুভশ্রী। অনুষ্ঠানে দেবের পরনে ছিল কালো টি-শার্ট ও জ্যাকেট। অন্যদিকে শুভশ্রী পরেছিলেন কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি ড্রেস। শুভশ্রীর পোশাকটি জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড জারার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পোশাকটির দাম ৪ হাজার ৯৫০ রুপি।
আরও পড়ুন: প্রতিভার ডানায় ভর করে স্বপ্নের সীমানায় মেহজাবীন নূর
শুভশ্রীর শেয়ার করা ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেব ও তাঁর পুরোনো সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে এই জুটির সম্পর্কের শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১৩ সালে তাঁদের সম্পর্কের ইতি ঘটে।
বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত। অন্যদিকে দেবের সঙ্গে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সম্পর্কের কথা আলোচিত। দুর্গাপুরের অনুষ্ঠানে দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে রসিকতা ও কটাক্ষ করেছেন অনেকে। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘পৃথিবীর সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী।’
আরও পড়ুন: শিল্পকলায় শুরু ‘শিশু আনন্দ মেলা’
আরেকজন লিখেছেন, ‘শেষে সেই দেব? তাহলে রাজকে বিয়ে করার কি মানে ছিল?’
অন্য এক ভক্তের মন্তব্য, ‘এক্স-এর সাথে সময় কাটানোর মজাই আলাদা।’ আবার কেউ শুভশ্রীকে উদ্দেশ করে লিখেছেন, ‘তোমার মতো একজন প্রাক্তন আমার জীবনেও দরকার ছিল।’ এসব মন্তব্য ঘিরে অনলাইনে আলোচনা তৈরি হলেও দেব ও শুভশ্রীর সাম্প্রতিক একসঙ্গে কাজ করা মূলত তাঁদের নতুন সিনেমার প্রচারের অংশ।
দেব ও শুভশ্রী জুটির সপ্তম সিনেমা ‘দেশু ৭’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনার দায়িত্বও পালন করছেন দেব। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সিনেমাটি আগামী ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির প্রচার ঘিরে বিভিন্ন শহরে দেব ও শুভশ্রীর উপস্থিতি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।





