ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কানাডা ও যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গবেষণা ও শিক্ষা কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে কানাডা ও যুক্তরাজ্যের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড টেলরের নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে।
আরও পড়ুন: দিনব্যাপী নানা আয়োজনে আইইউমুনা’র নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) অধ্যাপক মোহাম্মদ শামসুদ্দোহা, ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মোজতবা ভালিপুর, টরন্টো বিশ্ববিদ্যালয়ের ফেলো ড. জোহরা জহির, কানাডার ‘পেল ব্লু এআই’-এর ড. ইউসুফ আইদোগদু এবং ইউসিএলের প্রভাষক আনা পাজোলা।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মুস্তাক ইবনে আয়ূব উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তারেক রহমানের জন্মদিন উপলক্ষে স্যার সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি ও পরিবেশ উন্নয়নে প্রতিনিধিদলের সদস্যদের সহযোগিতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণাসংক্রান্ত সহযোগিতা বৃদ্ধিতে ‘ল্যাব-টু-ল্যাব’ কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া তিন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নিয়মিত কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে শিগগিরই একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।
প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে ‘জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালায় অংশ নিতে বর্তমানে অবস্থান করছেন। গত ২৪ ও ২৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ‘অধ্যাপক এম. এ. লতিফ মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে সহায়তা দেয় কানাডিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (সিআইএফএআর), টরন্টো বিশ্ববিদ্যালয়ের ভেক্টর ইনস্টিটিউট এবং ‘পেল ব্লু এআই’।
কর্মশালায় জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনা এগিয়ে নেওয়া এবং ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’-এর তথ্যনির্ভর বাস্তবায়নে সহায়তার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা অ্যানালিটিক্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।





