আইসিইউতে চিকিৎসাধীন অভিনেতা মামুনুর রশীদ
দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ মামুনুর রশীদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে হাসপাতালটির নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাঁকে। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশকেরও বেশি সময় ধরে কাজ করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও তাঁর রয়েছে ব্যাপক পরিচিতি। ১৯৭২ সালে তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।
জানা গেছে,নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। পারিবারিক একাধিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে থাকতে হয়েছেন তাকে।
আরও পড়ুন: দীঘির সঙ্গে প্রথমবারের মত মোশাররফ করিম ও শিমু
২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ।
উল্লেখ্য যে, ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। তার বাবা হারুনুর রশীদ এবং মা রোকেয়া খানম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। স্কুলজীবনে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় সেই পথচলা। পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চায় আরও গভীরভাবে যুক্ত হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকছেন যেসব তারকা
ষাটের দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তার লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’। স্বাধীনতার পর দেশের নাট্যচর্চাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।
মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই গুণী শিল্পী। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি।





