দুর্ঘটনার পর এখন কেমন আছে নুসরত ভরুচা?

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৪৫ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চিড় ধরার পর অস্ত্রোপচারের জন্য মুম্বইয়ে নেওয়া হয় বলিউড অভিনেত্রী নুসরত ভরুচাকে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে ছিলেন অনুরাগীরা। এবার হাসপাতাল থেকে সমাজমাধ্যমে ছবি পোস্ট করে নিজের পরিস্থিতি সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

গেল শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের কক্ষ থেকে একটি ছবি শেয়ার করেন নুসরত। ছবিতে জানালার পাশে একটি রিক্লাইনিং হুইলচেয়ার দেখা যায়। জানালার বাইরে ছিল সূর্যাস্তের দৃশ্য। ছবির সঙ্গে অভিনেত্রী লেখেন, ‘সব সময় সূর্যাস্তের পিছনে ছুটেছি। আর ঠিক এভাবেই বদলে গেল আমার দৃষ্টিভঙ্গি। তবে পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত।’ নুসরতের এই পোস্টে স্বস্তি পেয়েছেন তাঁর অনুরাগীরা। যদিও নিজের শারীরিক অবস্থা কিংবা চিকিৎসা নিয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

আরও পড়ুন: কেনো ভায়োলেন্স ছেড়ে দিলেন অধরা খান ?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাজের সূত্রে বালিতে গিয়েছিলেন নুসরত। সেখানে দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডে গুরুতর চোট লাগে। পরে তাঁর দলের পক্ষ থেকে মেরুদণ্ডে চিড় ধরার বিষয়টি নিশ্চিত করা হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মুম্বইয়ে নিয়ে আসা হয়, সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। দুর্ঘটনার পর অভিনেত্রীকে অক্সিজেন সাপোর্টেও দেখা গিয়েছিল।

টাইগার শ্রফের সঙ্গে নতুন ছবি

আরও পড়ুন: দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন ইমরান খান, নায়িকা ভূমি পেডনেকর

কাজের দিক থেকে আগামী দিনে টাইগার শ্রফের সঙ্গে একটি ছবিতে অভিনয় করতে পারেন নুসরত। এই প্রথম একই ছবিতে দেখা যেতে পারে তাদের। তবে ছবির নাম ও অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর সময় ইসরায়েলে আটকা পড়েছিলেন নুসরত। একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দেশটিতে গিয়ে তেল আবিবে অবস্থান করছিলেন তিনি। সে সময় বোমা বিস্ফোরণ ও সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাঁকে বেসমেন্টে আশ্রয় নিতে হয়। পরে ভারতীয় দূতাবাস ও সরকারের উদ্যোগে ৮ অক্টোবর নিরাপদে মুম্বইয়ে ফিরে আসেন অভিনেত্রী।

এবার বালিতে দুর্ঘটনার পর কঠিন সময় পার করছেন নুসরত। তবে তাঁর সাম্প্রতিক পোস্টে জীবনের প্রতি ইতিবাচক মনোভাবের প্রকাশ পেয়েছে।