ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৫৭৩
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ৫৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫
গত ২৪ ঘণ্টায় ৪২২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৩৩ হাজার ১২৭ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭ জনে। এ সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৪৮ জনে।
উল্লেখ্য, বাংলাদেশে এক বছরে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে— মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে ভর্তি হয় ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।





