এক সপ্তাহে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, হাসপাতাল ভর্তি ৬ হাজার ৫৫২ জন
দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ দ্রুত বাড়ছে। এডিস মশাবাহী রোগটি নগর এলাকাসহ গ্রামে-গঞ্জেও ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি সপ্তাহে (শনিবার থেকে শুক্রবার) ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু এবং ৬ হাজার ৫৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালের চাপ ক্রমেই বেড়ে চলেছে। পরিসংখ্যান অনুযায়ী, ৮ নভেম্বর ৮৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিল, ৯ নভেম্বর ছয়জনের মৃত্যু এবং ১,১৯৫ জন ভর্তি, ১০ নভেম্বর দুইজনের মৃত্যু এবং ১,১৭৯ জন ভর্তি, ১১ নভেম্বর তিনজনের মৃত্যু এবং ৯১২ জন ভর্তি, ১২ নভেম্বর পাঁচজনের মৃত্যু এবং ১,১৩৯ জন ভর্তি, ১৩ নভেম্বর তিনজনের মৃত্যু এবং ৮৩৩ জন ভর্তি, ১৪ নভেম্বর কারও মৃত্যু না হলেও ৪৬০ জন ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
চলতি মাসে (নভেম্বর) এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩,২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৪৮ জন। চলতি বছর ১৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩,০৬৬ জন। এর মধ্যে ৭৯,৪৬০ জন ছাড়া পেয়েছেন, আর মারা গেছেন ৩২৬ জন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, “ডেঙ্গু এখন সিজনাল নয়, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে সংক্রমণ বাড়ছে। মশা নিরোধক ওষুধ ব্যবহার এবং সিটি করপোরেশনের সর্বত্র সচেতনতা প্রচার জরুরি।”
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “শুধু জেল-জরিমানা বা জনসচেতনতা যথেষ্ট নয়। সঠিক জরিপ, দক্ষ জনবল এবং কার্যকর ব্যবস্থা অপরিহার্য।”
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩,২১,১৭৯ জন রোগী আক্রান্ত হয় এবং ১,৭০৫ জন মারা যান।





