হামে জরুরি অবস্থা নয়, টিকাদানেই জোর: স্বাস্থ্যমন্ত্রী
দেশে হামের প্রাদুর্ভাব থাকলেও এখনই জরুরি অবস্থা ঘোষণার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান পরিস্থিতিকে মহামারি বলা যাবে না। হামে প্রথম শিশু মৃত্যুর পরপরই সরকার দ্রুত আইসিইউসহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেছে।’
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬
তিনি দাবি করেন, অতীত সরকারের ব্যর্থতার কারণেই বর্তমান পরিস্থিতি কিছুটা ভীতিকর হয়ে উঠেছে। একই সঙ্গে স্বাস্থ্যখাতে অনিয়ম ও অব্যবস্থাপনার কথাও তুলে ধরেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব তুলে ধরে বলেন, ‘অনেক মা এখন বিভিন্ন কারণে শিশুদের বুকের দুধ খাওয়ান না, যা উদ্বেগজনক। এর ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং হামের মতো রোগের ঝুঁকি বাড়ছে।’
আরও পড়ুন: ডেঙ্গুতে বড় হচ্ছে মৃত্যুর মিছিল
তিনি আরও বলেন, টিকাদান কার্যক্রম জোরদার ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই হামের সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব।
রূপগঞ্জের স্বাস্থ্যসেবা উন্নয়নের প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী বাজেটে এলাকায় ১০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর সহযোগিতায় এটি বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।





