দেশে বেড়েছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু
দেশে হামের প্রকোপে ফের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে, যার সবকটিই ঢাকা বিভাগে। একই সময়ে নতুন করে আরও ৬৯১ জন রোগী ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং ও প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ডেঙ্গুতে বড় হচ্ছে মৃত্যুর মিছিল
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮১৬ শিশুর প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু এবং হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭২১ জনের।
প্রতিবেদনে আরও বলা হয়, গত চার মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭২ জনে। এছাড়া লক্ষণ ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১ লাখ ১ হাজার ৫৩৫ শিশু।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর হারের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ। গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগেই হাম ও হামের উপসর্গে সর্বোচ্চ ৩৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫৭৫ জনে।
বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো হামের টিকা প্রদান এবং প্রাথমিক উপসর্গ দেখা দেওয়া মাত্রই নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।





