আমিরাতে ঈদের নামাজ এবার কেবল মসজিদে, উন্মুক্ত স্থানে জামাত নয়

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৪৪ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ শুধুমাত্র মসজিদের ভেতরেই অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির ধর্মবিষয়ক কর্তৃপক্ষ সংযুক্ত আরব আমিরাতের জেনারেল অথরিটি অফ ইসলামিক অ্যাফেয়ার্স, এনডাউমেন্টস অ্যান্ড জাকাত ঘোষণা করেছেt এ ঘোষণা দিয়েছে।

বুধবার এক বিবৃতিতে জানানো হয়, দেশজুড়ে এই নির্দেশনা কার্যকর থাকবে। ফলে এবার কোনো খোলা মাঠ বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত আয়োজন করা হবে না। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নামাজের আয়োজনকে আরও সুশৃঙ্খল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ন্যাটো মিত্রদের প্রতি ট্রাম্পের ক্ষোভ, হরমুজ প্রণালি ইস্যুতে কড়া হুঁশিয়ারি

সাধারণত মুসলিম বিশ্বে ঈদুল ফিতরের নামাজ বড় আকারে খোলা মাঠ বা ঈদগাহে অনুষ্ঠিত হয়। কিন্তু চলতি পরিস্থিতিতে সেই প্রচলিত রীতি থেকে সরে এসেছে আমিরাত সরকার।

কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সব মসজিদকে ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। সাতটি আমিরাতের প্রতিটি এলাকায় অবস্থিত মসজিদগুলোতেই মুসল্লিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলে ইরানের মিসাইল হামলা, ক্ষতিগ্রস্ত তেলআবিবের রেলস্টেশন

এছাড়া মসজিদে আগত সবাইকে নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতেই এসব নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ করা হবে।

মুসল্লিদের সুবিধার্থে স্থানীয় গণমাধ্যম ও সরকারি মাধ্যমে নিয়মিত তথ্য জানানো হচ্ছে। বড় মসজিদগুলোতে স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করবেন, যাতে নামাজের সময় কোনো সমস্যা না হয়।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ভিন্নমত দেখা গেলেও অনেকেই নিরাপত্তার স্বার্থে এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। একই সঙ্গে উন্মুক্ত স্থানে জমায়েত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

রমজান মাস শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত দিনেই ঈদুল ফিতর উদযাপিত হবে এবং সবাইকে এই নির্দেশনা অনুসরণ করে নামাজ আদায় করতে বলা হয়েছে।