সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ২:৪৩ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আগামীকাল রোববার (১৫ মার্চ) না হলে রাজপথে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

শনিবার (১৪ মার্চ) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য আগামীকালই সরকারের শেষ সময়। অবিলম্বে অধিবেশন ডাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, যদি সরকার অধিবেশন না ডাকে, তাহলে জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে। বিশেষ করে সংসদ নেতাকে এ বিষয়ে প্রধান দায়িত্ব নিতে হবে এবং সরকারেরও দায়ভার নিতে হবে।

আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

তিনি আরও বলেন, জনগণের মতামত উপেক্ষা করে সরকার চলতে পারে না। জনগণকে অবহেলা ও অপমান করার দায় সরকারকে বহন করতে হবে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদ সদস্যরা সংসদেও এ বিষয়ে ভূমিকা রাখবেন।

তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—আগামীকাল যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অধিবেশন না ডাকে, তাহলে ১১ দলীয় ঐক্য রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে। এ জন্য শীর্ষ নেতাদের বৈঠক ডেকে কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে আগামী ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা ঘোষণা করে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।