ইরানের সশস্ত্র বাহিনী: ‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে’

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ২:৪৯ পূর্বাহ্ন, ২৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইরানের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, “পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।” মঙ্গলবার ইরানের খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র আলী আবদুল্লাহি আলিয়াবাদি এই মন্তব্য করেন এবং দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।

তিনি বলেন, “ইরানের অখণ্ডতা রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনী গর্বিত, শক্তিশালী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের পথচলা অব্যাহত থাকবে।” যদিও তিনি ‘পূর্ণাঙ্গ বিজয়’ বলতে কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি, তবে ইরানি সামরিক বাহিনীর অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনও ছাড় দেওয়ার সম্ভাবনা নেই বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: ট্রাম্পের ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম অধিকার সংগঠন

ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধের ২৫তম দিনেও ইরানের সামরিক বাহিনী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে, ইসরায়েলও ইরানি সেনাবাহিনী ও স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে। মঙ্গলবার ইরানের দুটি গ্যাস স্থাপনা এবং একটি পাইপলাইন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হুমকির ৫ দিনের বিরতি ঘোষণা করলেও ইরানি সংবাদমাধ্যম বলছে, যুদ্ধ বন্ধের জন্য কোনও আলোচনা বর্তমানে চলছে না।

আরও পড়ুন: পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক

পাকিস্তান সংঘাত নিরসনে মধ্যস্থতার জন্য প্রস্তুত বলে জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি বলেছেন, যদি সংশ্লিষ্ট সব পক্ষ চায়, ইসলামাবাদ সবসময় আলোচনার আয়োজন করতে ইচ্ছুক। ইতোমধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন। আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে দুই দেশের আলোচকরা বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে।

সূত্র: আল জাজিরা, এএফপি