মিরপুর-১০ ফুটপাত পুনরায় দখলমুক্ত করল ডিএনসিসি, হকার উচ্ছেদ
মিরপুর-১০ এলাকায় ফুটপাত পুনরায় দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফুটপাত দখল করে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদে মঙ্গলবার বিকেলে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলির পরিচালনায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: ডিসেম্বরে শুরু হচ্ছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’
ডিএনসিসি প্রশাসক জানান, মিরপুরকে ফুটপাত ও দখলমুক্ত রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর মিরপুর-১০ এলাকার ফুটপাত থেকে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করা হয়েছিল। ওই উদ্যোগ জনসাধারণের প্রশংসা পেলেও গত কয়েকদিন ধরে কিছু ব্যক্তি আবারও মিরপুরের বিভিন্ন ফুটপাত দখল করে বসার চেষ্টা করেন।
আরও পড়ুন: নারী-পুরুষের ২০ দল নিয়ে শুরু হচ্ছে ডিএনসিসি কাপ, উদ্বোধন করলেন মন্ত্রী
এমন খবর পেয়ে মঙ্গলবার প্রশাসক নিজেই অভিযান পরিচালনা করে মিরপুর-১০ এলাকার ফুটপাত আবারও হকারমুক্ত করেন।
উচ্ছেদ অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক মিরপুর-১০ ফুটওভারব্রিজের সংস্কারকাজও পরিদর্শন করেন। এ সময় তিনি সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।





