নেত্রকোণায় ইউএনও কার্যালয়ে আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ

Sadek Ali
‎নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:১০ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের ইউএনওর দাপ্তরিক কক্ষে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলায় ফায়ার সার্ভিসের নিজস্ব স্টেশন না থাকায় খবর পেয়ে পার্শ্ববর্তী মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান।

আরও পড়ুন: কুলাউড়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিংয়ে যুক্ত হলো চৌধুরী বাজার

‎‎খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ভোরে দ্বিতীয় তলায় তাঁর অফিস কক্ষে আগুন দেখতে পেয়ে চিৎকার করেন। খবর পেয়ে তিনি বাসা থেকে কার্যালয়ে এসে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।

‎‎তিনি বলেন, দোতলার কার্যালয়ে ওঠার নিচতলার প্রবেশপথে বাইরে থেকে তালা লাগানো ছিল এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী দায়িত্বে ছিলেন। এসব বিবেচনায় প্রাথমিকভাবে নাশকতার ঘটনা বলে মনে হচ্ছে না। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন: গাজীপুরে সহিংসতা আহত-১০,৫ কারখানায় হামলা-ভাঙচুর, বন্ধ ৮৫ কারখানা

‎‎এদিকে অগ্নিকাণ্ডটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখছে পুলিশ।

‎‎খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, নিরাপত্তাকর্মীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভবনের সব ফটক বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সন্দেহ করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

‎