আরও কয়েক সপ্তাহ চলবে যুদ্ধ: ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:০৭ পূর্বাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত অন্তত আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকবে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র তার চূড়ান্ত লক্ষ্য অর্জনের আশা করছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায় দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী ইতোমধ্যে “দ্রুত ও বড় ধরনের বিজয়” অর্জন করেছে এবং এখন চূড়ান্ত সাফল্যের খুব কাছাকাছি অবস্থান করছে।

আরও পড়ুন: মার্কিন জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি

তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহে মার্কিন সেনাবাহিনী বোমাবর্ষণ কার্যক্রম চালিয়ে যাবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি মন্তব্য করেন, প্রয়োজনে দেশটির জ্বালানি ও শক্তি অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

ট্রাম্প আরও বলেন, “আমরা ইরানকে এমন আঘাত করব, যা তাদের বহু বছর পিছিয়ে দেবে।”

আরও পড়ুন: ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয় নিশ্চিত, বলছে ৮০টি থিংকট্যাংক

ভাষণে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। তার দাবি, ইরান অতীতে বিভিন্ন দেশে হামলা চালিয়েছে, তাই দেশটির হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।

এছাড়া গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয়ের কথাও উল্লেখ করেন ট্রাম্প, যদিও তিনি সরাসরি কোনো জোটের নাম বলেননি।

ভাষণের শেষদিকে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।