তেহরানে ‘ব্যাপক হামলার’ দাবি ট্রাম্পের, বহু সামরিক নেতা নিহত
ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওই হামলায় ইরানের বহু সামরিক নেতা নিহত হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন ট্রাম্প, যেখানে বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা যায়।
আরও পড়ুন: ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুও উদ্ধার
পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, তেহরানে চালানো এই হামলায় ইরানের এমন অনেক সামরিক নেতার অবসান ঘটেছে, যারা দেশটিকে ‘ভুলভাবে নেতৃত্ব দিচ্ছিল’।
তবে হামলায় ঠিক কতজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কত—সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি। অন্যদিকে, ট্রাম্পের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।
আরও পড়ুন: মার্কিন পাইলটকে ইরান থেকে নিরাপদে উদ্ধার করেছেন যুক্তরাষ্ট্র
প্রকাশিত ভিডিওতে তীব্র বিস্ফোরণ এবং যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৩৭ দিনের এই অভিযানে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।





