চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:৩১ পূর্বাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরান চুক্তিতে না এলে যুক্তরাষ্ট্রের বাহিনী যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে। তিনি আরও দাবি করেন, বর্তমানে ইরানের নৌবাহিনী কার্যত অকার্যকর, ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ মার্কিন নৌবাহিনীর হাতে রয়েছে।

আরও পড়ুন: লেবানন-ইসরায়েল সংঘাত: ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিট হেগসেথ জানান, যতদিন প্রয়োজন, ইরানের ওপর নৌ-অবরোধ অব্যাহত থাকবে। তার দাবি, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন, তবে তিনি জীবিত আছেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সামরিক অভিযানের শুরুতে বিমান হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং তার ছেলে মোজতবা খামেনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন ও সেরে উঠছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে চীনের আহ্বান

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের অংশ হিসেবে সামরিক বাহিনী ইরানগামী ও ইরান থেকে যাওয়া জাহাজগুলোর ওপর নজরদারি ও অবরোধ কার্যক্রম চালাচ্ছে।

তিনি আরও বলেন, ইরান চাইলে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নিতে পারে, তবে অন্যথায় তাদের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাত লক্ষ্যবস্তু হতে পারে।

এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও আলোচনায় আগ্রহী, তবে অবাধ্যতা অব্যাহত থাকলে অর্থনৈতিক চাপ আরও বাড়ানো হবে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, মার্কিন বাহিনী যেকোনো সময় বড় ধরনের সামরিক অভিযান শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত কয়েকটি জাহাজ স্বেচ্ছায় অবরোধ এড়িয়ে ফিরে গেছে এবং কোনো জাহাজে জোরপূর্বক তল্লাশি চালানো হয়নি।

সূত্র: রয়টার্স, আল জাজিরা।