ইরানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ১৪ আইআরজিসি সদস্য নিহত
ইরান-এর উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর জানজান-এ অবিস্ফোরিত বোমা অপসারণের সময় আকস্মিক বিস্ফোরণে ১৪ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা সবাই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর অভিজাত আনসার আল মাহদি ইউনিটের সদস্য ছিলেন। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, বিস্ফোরিত বোমাটির ধরন এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র
বিবৃতিতে আরও বলা হয়, নিহত সদস্যরা ছিলেন ইউনিটটির অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য। ঘটনাটি আইআরজিসির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে সেখানে ক্লাস্টার বোমা ও আকাশ থেকে নিক্ষেপ করা মাইন থাকার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক সংঘাত চলাকালে এসব অবিস্ফোরিত বোমা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ইরানি গণমাধ্যমের তথ্যমতে, সাম্প্রতিক যুদ্ধবিরতির পর অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে এটিই আইআরজিসির সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।
উল্লেখ্য, যুদ্ধবিরতির পর থেকেই দেশজুড়ে অবিস্ফোরিত বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার কার্যক্রম চালাচ্ছে আইআরজিসি। বাহিনীটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।





