হরমুজ প্রণালিতে আটকা জাহাজ উদ্ধারে যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’, ঘোষণা ট্রাম্পের
ইরানের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (স্থানীয় সময়) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে প্রণালি পার হতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
আরও পড়ুন: মার্কিন অবরোধ এড়িয়ে ১৯ লাখ ব্যারেল তেল নিয়ে এশিয়ায় পৌঁছাল ইরানি ট্যাংকার
আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ Strait of Hormuz বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল, গ্যাস ও জ্বালানি পণ্য এ পথ দিয়ে পরিবহন করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। এতে প্রণালি, আরব উপসাগর ও পারস্য উপসাগরে শতাধিক জাহাজ আটকা পড়ে বলে জানা গেছে।
আরও পড়ুন: হরমুজ প্রণালি বন্ধে সার সংকট, বৈশ্বিক খাদ্য উৎপাদনে বড় ঝুঁকি
ট্রাম্প তার পোস্টে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ সেখানে আটকা রয়েছে। এসব দেশের অধিকাংশই মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সরাসরি জড়িত নয়। তারা যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে যেন মার্কিন নৌবাহিনী তাদের জাহাজগুলোকে নিরাপদে বের হতে সহায়তা করে।
তিনি আরও বলেন, জাহাজ ও ক্রুদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে এবং নিরপরাধ নাবিকদের মুক্ত করতে দ্রুতই ‘প্রজেক্ট ফ্রিডম’ চালু করা হবে।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল থেকে এবং বাংলাদেশ সময় সোমবার রাত থেকেই প্রকল্পটি কার্যক্রম শুরু করবে।
এই উদ্যোগকে ‘মানবিক সহায়তা প্রচেষ্টা’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, দীর্ঘদিন আটকে থাকায় অনেক জাহাজে খাদ্য ও জরুরি সরবরাহ সংকট দেখা দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সব পক্ষই লাভবান হবে।
একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই প্রকল্পে কোনো ধরনের হস্তক্ষেপ হলে যুক্তরাষ্ট্র শক্তভাবে জবাব দেবে।





