ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খান

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০০ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানি নাটকের জনপ্রিয় মুখ বিলাল আব্বাস খানকে এবার ঢাকায় দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকেরা। ‘ইশক মুর্শিদ’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকের মাধ্যমে এ দেশের দর্শকদের কাছেও পরিচিতি পাওয়া এই অভিনেতা আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে আসছেন। তাঁর সঙ্গে থাকবেন মা ও ফ্যাশন ডিজাইনার ফারহানা সোহেল।

পাকিস্তানের লাইফস্টাইলবিষয়ক ওয়েবসাইট ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ এক ঘোষণায় বিলালের ঢাকা সফরের তথ্য জানিয়েছে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির আয়োজিত পঞ্চম সংস্করণের প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রদর্শনীতে স্থান পাবে তাঁর মা ফারহানা সোহেলের নকশা করা পোশাক।

আরও পড়ুন: মঞ্চে মাইক বন্ধ করে শিল্পা রাওকে অপমানের অভিযোগ

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ৪ থেকে ৮ নভেম্বর পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’। ঢাকার গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন। প্রদর্শনীর তৃতীয় দিন, শুক্রবার (৬ নভেম্বর) সেখানে উপস্থিত থাকবেন বিলাল আব্বাস খান।

এ আয়োজনে পাকিস্তানের ঐতিহ্যবাহী জীবনধারা, বিয়ের পোশাকের বিশেষ সংগ্রহ, বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের পণ্য এবং দেশটির ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হবে। পাকিস্তানের সংস্কৃতি, ফ্যাশন ও জীবনযাপনের সঙ্গে বাংলাদেশের দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেওয়াই প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুন: প্রথমবার একসাথে জুটি বাঁধছেন খায়রুল বাসার-নীহা

অভিনয়ের স্বতন্ত্র ধরন ও বৈচিত্র্যময় চরিত্রের মাধ্যমে পাকিস্তানের বিনোদনজগতে নিজের অবস্থান তৈরি করেছেন বিলাল আব্বাস খান। তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। বিশেষ করে ‘ইশক মুর্শিদ’ নাটকে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশি দর্শকদের মধ্যে তাঁর পরিচিতি আরও বেড়েছে। এ ছাড়া ‘মেরি জিন্দেগি হ্যায় তু’, ‘মান জোইগি’, ‘পেয়ার কে সদকে’ ও ‘চিখ’-এর মতো নাটকেও অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি।

ঢাকায় তাঁর এই সফর ঘিরে পাকিস্তানি নাটকের ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ফ্যাশন প্রদর্শনীতে তার উপস্থিতি দুই দেশের বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের যোগাযোগেও নতুন মাত্রা যোগ করতে পারে।