চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১
চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং আরও ৬১ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানায়, সোমবার বিকেলে চাংশা শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই প্রায় ৫০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয় এবং আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
আরও পড়ুন: মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় ইরানের পাল্টা হামলার ব্যাপক প্রস্তুতি
প্রতিবেদনে বলা হয়, কারখানার দুটি ব্ল্যাক পাউডার গুদাম থাকায় বিস্ফোরণের ঝুঁকি অনেক বেশি ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকাজে তিনটি রোবটও ব্যবহার করা হচ্ছে।
বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হলেও কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা স্পষ্ট করা হয়নি।
আরও পড়ুন: ইরানের জ্বালানি স্থাপনায় বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ শিল্পখাতে ঝুঁকি শনাক্ত ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।





