সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, উত্তেজনা কমার আভাস

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ৮:১৩ অপরাহ্ন, ০৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন মোড় নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান সম্পর্ক। দুই দেশ একটি সম্ভাব্য সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম) চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছেছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

মধ্যস্থতায় জড়িত একটি পাকিস্তান-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবিত চুক্তিটি সংক্ষিপ্ত হলেও এতে গুরুত্বপূর্ণ একাধিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সংঘাত শুরুর পর থেকে এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে অগ্রসর পর্যায়ের সমঝোতা উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ: শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র, বললেন রুবিও

প্রাথমিক তথ্য অনুযায়ী, সম্ভাব্য এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে নির্দিষ্ট সীমাবদ্ধতা আরোপ, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা কমানোর উদ্যোগ এবং ভবিষ্যৎ বিস্তৃত আলোচনার একটি কাঠামো নির্ধারণের বিষয় থাকতে পারে।

পুরো প্রক্রিয়ায় পাকিস্তান নীরব কিন্তু গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছে বলে জানা গেছে। দুই পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপন এবং আলোচনার অগ্রগতি বজায় রাখতে দেশটি সক্রিয় রয়েছে।

আরও পড়ুন: যুদ্ধবিরতির আগেই ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৬

তবে এখনো কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচির সময়সীমা নিয়ে। তবুও সাম্প্রতিক অগ্রগতি ও কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে, দীর্ঘদিনের অচলাবস্থার অবসান এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সম্ভাবনাময়।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স সূত্রে এ তথ্য জানা গেছে।