হাজারো হীরার মুকুটে মিস ইউনিভার্স ২০২৬ হলেন জেনিফার বারেত্তো

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:১০ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে পর্দা নামল বিশ্ব সৌন্দর্যের অন্যতম মর্যাদাপূর্ণ আসর মিস ইউনিভার্সের ৭৫তম আসরের। বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের বিশ্বসেরার মুকুট মাথায় তুলেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে পুয়ের্তো রিকোর সান হুয়ানে হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে শুরু হয় গ্র্যান্ড ফিনালে। জমকালো এই আয়োজনে প্রথমে সেরা ৩০ প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়। এরপর সুইমস্যুট পর্ব পেরিয়ে সেরা ১২ এবং ইভনিং গাউন রাউন্ড শেষে চূড়ান্ত সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ, ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ ও পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।

আরও পড়ুন: দীঘির সঙ্গে প্রথমবারের মত মোশাররফ করিম ও শিমু

চূড়ান্ত পর্বে সেরা পাঁচ সুন্দরীকে বিচারকদের দুটি করে প্রশ্নের জবাব দিতে হয়, যার প্রতিটি উত্তরের জন্য বরাদ্দ ছিল মাত্র ৩০ সেকেন্ড। প্রথম প্রশ্নটি ছিল প্রত্যেকের জন্য ভিন্ন, আর দ্বিতীয় প্রশ্নটি ছিল অভিন্ন। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও সার্বিক পারফরম্যান্সে বিচারকদের মন জয় করে ‘মিস ইউনিভার্স ২০২৬’ নির্বাচিত হন জেনিফার বারেত্তো।

বিশেষ এই আসরের বিজয়ীর জন্য তৈরি করা হয়েছিল ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের রাজকীয় মুকুট। ১৮ ক্যারেটের সাদা সোনা ও ৩ হাজার ১৫০টি হীরায় সাজানো মুকুটটি নতুন বিজয়ীর মাথায় পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স, মেক্সিকোর ফাতিমা বশ।

আরও পড়ুন: আইসিইউতে চিকিৎসাধীন অভিনেতা মামুনুর রশীদ

এদিকে বাংলাদেশের দর্শকদের নজর ছিল অভিনেত্রী সামিরা খান মাহির দিকে। ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শক ভোটে এগিয়ে ছিলেন তিনি। প্রত্যাশার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই সেরা ৩০-এর তালিকায় নাম না থাকায় থেমে যায় মাহির মিস ইউনিভার্স যাত্রা।

১১৬ দেশের প্রতিযোগীর ভিড়ে শেষ হাসি হাসলেন স্বাগতিক সুন্দরীই। আর বাংলাদেশের দর্শকদের কাছে মাহির বিদায়ে কিছুটা অতৃপ্তি থাকলেও, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।