যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ানোর খসড়া চুক্তি, কমেছে বিশ্ববাজারে তেলের দাম

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ন, ২৯ মে ২০২৬ | আপডেট: ৪:১৭ অপরাহ্ন, ২৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে নতুন একটি খসড়া চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। মধ্যস্থতাকারীদের সহায়তায় হওয়া এই সমঝোতার আওতায় বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো এবং ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে চুক্তিটি এখনও দুই দেশের শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

যুদ্ধবিরতি আলোচনা ইতিবাচক অগ্রগতির খবর সামনে আসতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে কিছুটা পতন দেখা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

শুক্রবার স্থানীয় সময় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৩৫ সেন্ট বা ০ দশমিক ৩৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৩৬ ডলারে নেমে আসে।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৩ সেন্ট বা ০ দশমিক ৭১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ২৭ ডলারে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

এ ছাড়া আগস্ট মাসের ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও ৪৬ সেন্ট বা ০ দশমিক ৫০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা যায়। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৮৩ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২২ ডলারে ওঠে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত পাওয়ায় জ্বালানি বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন না হওয়া পর্যন্ত বাজারে অস্থিরতা পুরোপুরি কাটছে না।