দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় মদ, বিভিন্ন ধরনের ওষুধ ও বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব ভারতীয় মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২৪ হাজার ৫২৫ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে চিলমারী বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল দুই মহাসড়ক, ৭৫ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩২টি
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, এসআইপি ও সিভিল সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চিলমারী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় মেইন পিলার ১৫৭/২ এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মরারপাড়া কবরস্থান নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এসব মালামাল পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২০ বোতল ভারতীয় দাদা মদ, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এ ছাড়া রয়েছে Dexamethasone Tablets IP 0.5 mg ৭১০ পিস, যার মূল্য ২ লাখ ১৩ হাজার টাকা; Cyproheptadine Hydrochloride Tablets ৫৪০ পিস, যার মূল্য ১ লাখ ৬২ হাজার টাকা এবং নিশা বিড়ি ৩৫৫ প্যাকেট, যার আনুমানিক মূল্য ১৯ হাজার ৫২৫ টাকা।
আরও পড়ুন: ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক জি কিবরিয়া
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৪ লাখ ২৪ হাজার ৫২৫ টাকা।
প্রাথমিকভাবে এসব মালামালের কোনো মালিক পাওয়া যায়নি। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য আনা-নেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পণ্য পরিবহন বন্ধে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।





