শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০১ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৫ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে তাঁদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে পলাতক অন্য যেসব আসামির ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, তাঁর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তিনি বলেন, দেশে ফিরলে তাঁকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিমান বা অন্য কোনো যান পাঠানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাঁকে ফিরিয়ে আনতে বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা রিকশা পাঠানোর কোনো কথা বাংলাদেশ সরকারের সঙ্গে কারও হয়নি। এ বিষয়ে সংবাদমাধ্যমে চলমান আলোচনাকে তিনি অপ্রয়োজনীয় বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন: সারাদিন স্বর্ণদ্বীপে কর্মসূচি, সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী

ভারতে শেখ হাসিনার অবস্থান এবং তাঁকে গ্রেপ্তারের বিষয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, তিনি কোথায় আছেন, তা নিশ্চিতভাবে জানা নেই। তাঁর অবস্থান কোথায়, সেটি এই মুহূর্তে আলোচনার মূল বিষয় নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রয়েছে। হাদি হত্যাকাণ্ড এবং জুলাই-আগস্টের বিভিন্ন হত্যাকাণ্ড, গুম ও সহিংসতার ঘটনায় অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত যেসব ব্যক্তি ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাঁদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রক্রিয়া চলছে।

শামা ওবায়েদ বলেন, ১৬ বা ১৭ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যেসব বক্তব্য বা প্রচারণা চলছে, তা রাজনৈতিক স্টান্ট। তাঁর ভাষ্য, শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হয়ে কারাগারে যাবেন। এ ধরনের প্রচারণার মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরও বিপদের মুখে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের অবস্থান স্পষ্ট।

এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি দণ্ডিত হলে বাংলাদেশ সরকার তাঁকে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা এ ধরনের কোনো সুবিধা দেবে না। এ ক্ষেত্রেও নিয়মের ব্যত্যয় হবে না বলে জানান তিনি।