যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ন, ১১ জুন ২০২৬ | আপডেট: ২:৫৮ অপরাহ্ন, ১১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ওমান উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ভারতের জাহাজ চলাচলবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে জানান, নিখোঁজ থাকা তিন নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ‘সেত্তেবেল্লো’ নামের একটি তেলবাহী জাহাজে তারা ‘নির্ভুল হামলা’ পরিচালনা করে। তাদের দাবি, ইরানি তেল বহনকারী ওই জাহাজটি মার্কিন বাহিনীর নির্দেশনা অনুসরণ করতে ব্যর্থ হয়েছিল।

আরও পড়ুন: ইরানের খার্গ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের, আজ রাতেই কঠোর হামলা

পালাউয়ের পতাকাবাহী ট্যাঙ্কারটিতে মোট ২৮ জন নাবিক কর্মরত ছিলেন। তাদের মধ্যে ২৪ জন ভারতীয়, দুইজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় এবং একজন রুশ নাগরিক ছিলেন।

ঘটনার পর প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ২১ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে তিনজন ভারতীয় নাবিক নিখোঁজ ছিলেন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের সংকট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে, সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

এ ঘটনার জেরে কূটনৈতিক পর্যায়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে তলব করা হয়েছে। হামলার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানাতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়।

ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি