ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ন, ২০ জুন ২০২৬ | আপডেট: ৫:১০ অপরাহ্ন, ২২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে নৌযান চলাচল স্থগিতের সিদ্ধান্তকে আঞ্চলিক উত্তেজনার নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।

শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড (খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

বিবৃতিতে বলা হয়, “শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।” এতে আরও বলা হয়, পরিস্থিতি অব্যাহত থাকলে পরবর্তী পদক্ষেপ প্রয়োজন অনুযায়ী নেওয়া হবে।

এদিকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের যেকোনো অগ্রগতি প্রতিহত করবে।

আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

গোষ্ঠীটি জানায়, দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ অঞ্চলে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি তারা অভিযোগ করে, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং পরিস্থিতি উত্তেজিত করছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে আরও জানায়, শত্রুর যেকোনো আগ্রাসন বা দখলদারিত্বের চেষ্টা প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত থাকবে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সূত্রে এসব তথ্য জানা গেছে।