পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত অন্তত ৪০, আহত ৮
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গভীর খাদে যাত্রীবাহী বাস পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
শুক্রবার (৩ জুন) বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী শেরানি-ঝোব মহাসড়কের দানাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা
পাকিস্তানের মেডিকেল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার (এমইআরসি) জানিয়েছে, কোয়েটা থেকে পেশাওয়ারগামী নিউ মেখতার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত আটজনকে ঝোব ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকাজে ছয়টি অ্যাম্বুলেন্স, ১২ জন জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদ এবং ১০টি হালকা পরিবহনযান মোতায়েন করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে শেরানি জেলা প্রশাসন, উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ কাজে খাইবার পাখতুনখোয়ার উদ্ধারকর্মীরাও অংশ নেন।
আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
শেরানির ডেপুটি কমিশনার হাজরত ওয়ালি কাকার জানান, আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধারের কাজও অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের অতিরিক্ত যাত্রীরা ওই বাসে ওঠায় যাত্রীর সংখ্যা আরও বেড়ে যায়।
আহতদের দ্রুত চিকিৎসাসেবা দিতে শেরানি ও ডেরা ইসমাইল খান জেলার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
পাহাড়ি দুর্গম এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা কঠিন হলেও রেসকিউ ১১২২, ফ্রন্টিয়ার কর্পস, পুলিশ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





