সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের শীর্ষে বাংলাদেশিরা

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:৪০ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ৯:১৭ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছেন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটির উপকূলে পৌঁছানো মোট অভিবাসীদের প্রায় এক-তৃতীয়াংশই বাংলাদেশের নাগরিক।

মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য বলছে, এ সময় সমুদ্রপথে ইতালিতে মোট ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী পৌঁছেছেন। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ৪ হাজার ৩১৪ জন, যা তালিকার শীর্ষে রয়েছে।

আরও পড়ুন: কমল জেট ফুয়েলের দাম

পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে সোমালিয়া, যেখান থেকে ১ হাজার ৭০২ জন অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। এরপর রয়েছে সুদান (১ হাজার ৩৭১), পাকিস্তান (১ হাজার ১৮৫), আলজেরিয়া (১ হাজার ১০৬), মিশর (৯৩৬), ইরিত্রিয়া (৬৬২), তিউনিসিয়া (৬২৬), মালি (৩১০), নাইজেরিয়া (২৯১), আইভরি কোস্ট (২১৬), ইথিওপিয়া (১৯৯), ইরান (১৮৩), দক্ষিণ সুদান (১৮০) এবং গিনি (১৭৯)।

এ ছাড়া আরও ১ হাজার ১৬৩ জন অভিবাসীর জাতীয়তা শনাক্তকরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন: আলি খামেনির মরদেহ আজ কোমে, জানাজা শেষে বিশাল শোক র‍্যালি

গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে আগমন

প্রকাশিত তথ্যের বিশ্লেষণে দেখা গেছে, সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ইতালিতে পৌঁছেছিলেন ৩১ হাজার ৪৩০ জন অভিবাসী। ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২৬ হাজার ৬৬৪ জন। সেখানে চলতি বছরের একই সময়ে পৌঁছেছেন ১৪ হাজার ৬২৩ জন, যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৩ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম।

মাসভিত্তিক হিসাবেও একই প্রবণতা দেখা গেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিটি মাসেই সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা আগের দুই বছরের তুলনায় কম ছিল। জানুয়ারিতে ১ হাজার ৪৫৭ জন, ফেব্রুয়ারিতে ২ হাজার ৫১০ জন, মার্চে ২ হাজার ১৫০ জন, এপ্রিলে ২ হাজার ৪৫৯ জন, মে মাসে ৩ হাজার ৫৪ জন এবং জুনে ২ হাজার ৭৫৮ জন অভিবাসী ইতালিতে পৌঁছেছেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত নথিভুক্ত সমুদ্রপথে আগত অভিবাসীদের তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে সংখ্যায় সামান্য পরিবর্তন আসতে পারে।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস