জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

জর্ডানে ইরানের হামলা নিহত ২ মার্কিন সেনা, নিখোঁজ একজন

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০৮ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরান-সম্পর্কিত সংঘাতের মধ্যে জর্ডানে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৮ জুলাই) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, ১৭ জুলাই জর্ডানে ইরানি হামলা প্রতিহতের সময় সেন্টকম ও সহযোগী বাহিনীর দুই মার্কিন সেনা নিহত হন এবং একজন নিখোঁজ হন।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

হামলায় আহত আরও চার মার্কিন সেনাকে জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। এছাড়া কয়েকজন সামান্য আহত সেনা আবার দায়িত্বে ফিরে গেছেন বলেও জানিয়েছে সেন্টকম।

মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত সেনাদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের জানানো না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, “বিদায়, বীরেরা। আপনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।”

এর আগে শনিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জর্ডানের আল-আজরাকে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে। আইআরজিসির দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো ওই হামলায় কয়েকটি বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর হতাহতের পরিসংখ্যান অনুযায়ী, এ ঘটনার পর প্রায় পাঁচ মাস ধরে চলা সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে।