মিয়ানমার বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৫৩ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত আরও ৫ হাজার রোহিঙ্গাকেও ফেরত নিতে দেশটি সম্মতি দিয়েছে বলে জানান তিনি।

বুধবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ নেগেরি সেম্বিলানের চেন্নাহ শহরে আয়োজিত এক জনসভায় এ তথ্য জানান আনোয়ার ইব্রাহিম।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার নাগরিকরা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছিলেন। তবে এতদিন মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি। সম্প্রতি দুই দেশের আলোচনার পর মিয়ানমার মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, এই অগ্রগতি সম্ভব হয়েছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে। এ ধরনের সংবেদনশীল বিষয়ে সতর্ক ও কার্যকর কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর দেশটির সামরিক অভিযানের মুখে লাখো রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে ১৫ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।

অন্যদিকে, জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১ লাখ ২৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন।

জনসভায় মালয়েশিয়ায় অবস্থানরত শরণার্থীদের দেশটির আইন মেনে চলার আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, শরণার্থী শিবির ও অনুমোদিত এলাকা ছাড়া অন্য কোথাও তাদের উপস্থিতি যেন না দেখা যায়। আইন লঙ্ঘন করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি।

তবে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও পাওয়া যায়নি।

সূত্র: দ্য স্টার